শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (নেছারাবাদ-স্বরূপকাঠি, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপি নেতা নুরুল আলম বিপ্লবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান এলাকার সর্বস্তরের মানুষ। তাঁর সততা, ত্যাগ, উন্নয়ন ভাবনা ও দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা তাঁকে স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলেছে।
রাজনৈতিক জীবনে বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করছেন।
স্থানীয় এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তি বলেন, নুরুল আলম বিপ্লবই আমাদের এলাকার জন্য যোগ্য প্রার্থী। তিনি যদি দলীয় মনোনয়ন পান, আমরা বিশ্বাস করি তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
তরুণ সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী ও ব্যবসায়ী মহলের কাছেও তাঁর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অনেকেই মনে করেন, এখন সময় এসেছে এমন এক নেতৃত্বের, যে নেতৃত্ব উন্নয়নের অঙ্গীকার রাখবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এবং জনগণের পাশে থাকবে।
নিজের রাজনৈতিক যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নুরুল আলম বিপ্লব বলেন, ছাত্রজীবন থেকেই অবহেলিত নেছারাবাদ-স্বরূপকাঠি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছি এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছি। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে বারবার হামলার শিকার হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি এবং দীর্ঘদিন কারাভোগ করেছি।
তিনি আরও বলেন, আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে অবহেলিত নেছারাবাদ-স্বরূপকাঠি উপজেলার সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ভূমির যথাযথ ব্যবহার ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করব। বলদিয়া, দৈহারী, গুয়ারেখা, আটঘর কুড়িয়ানা ও সমুদয়কাঠির মতো উন্নয়নবঞ্চিত ইউনিয়নগুলোকে নিয়ে আমার আলাদা ভাবনা রয়েছে।
দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয়দের বিশ্বাস—দল যদি তাঁকে মনোনয়ন দেয়, তবে পিরোজপুর-২ আসনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
Posted ৮:৩২ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।