শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর বেলাব থানার চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া (৪১) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতারসহ লুণ্ঠিত ৪ লক্ষ টাকা ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মাধ্যমে আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে নিশ্চিত করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি রাতে বেলাব থানার বীর বাঘবের গ্রামের আজিমুল কাদের ভূঁইয়া নিখোঁজ হন। এর দুই দিন পর ২৯ জানুয়ারি তার নিজস্ব মুরগির ফার্ম সংলগ্ন বর্জ্য ফেলার ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক এর নির্দেশনায় তদন্তে নামে ডিবি। ডিবি’র এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ থেকে প্রধান আসামি প্রমন তালুকদার ওরফে প্রিমনকে (২১) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সহযোগী আসামি আবুল কালামকে (৪৫) গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে চোরাই মুরগি বিক্রির নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত প্রিমনের বাড়ি নেত্রকোনার মদন থানায় এবং আবুল কালামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।
Posted ৫:০২ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।