শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পরিবেশ দূষণরোধ ও কারখানার কর্মপরিবেশ উন্নত করার লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক গঠিত মনিটরিং সেলের উদ্যোগে নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলায় তিনটি শিল্প-কারখানা সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসানের নির্দেশনায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকৃত কারখানাগুলো হলো— আরমান ফিড এন্ড ফিশারিজ মিল (মরজাল, রায়পুরা), আব্দুল্লাহ পোল্ট্রি ফিড মিল (চৈতন্যা, শিবপুর) এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (শিবপুর)।
পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বয়লার পরিদর্শক এবং ফায়ার লাইসেন্স সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় মনিটরিং টিম কারখানাগুলোর পরিবেশগত ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকদের কর্মপরিবেশ বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে। সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরের মতামত নোট করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, নরসিংদী জেলার শিল্প-কারখানাগুলোর পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে মনিটরিং সেলের এই ধরনের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।