শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক। তিনি বলেন, “মোবাইলের খেলায় নয়, মাঠের খেলায় শিশুদের সম্পৃক্ত করতে হবে।” বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করায় অভিভাবকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন বালক-বালিকারা অংশগ্রহণ করে মোট ৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
এই খেলায় অংশগ্রহণ করে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুদেরও পুরস্কৃত করা হয়, যা তাদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ উপভোগ করেন।
Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।