শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলার সদর উপজেলার বড়বাজার এলাকায় সোমবার (১৩ এপ্রিল) সমন্বিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পুলিশ, র্যাব ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন, যা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিযান চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ভোজ্যতেলের বাজারে ক্রয়-বিক্রয় কার্যক্রম, মজুদ পরিস্থিতি এবং মূল্য তালিকা যাচাই-বাছাই করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্রয় ও বিক্রয় রশিদ পরীক্ষা করা হয়, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে পণ্য বিক্রির মতো অনিয়ম প্রতিরোধ করা যায়।
এ সময় এক ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিক হিসাব সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]