লিটন মিয়া লাকু
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। এ কর্মসূচিতে নারীর প্রতি সকল প্রকার নির্যাতন, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের ১ নং রেলগেট থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। লাল পতাকা হাতে বিভিন্ন স্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশে মিলিত হয় তারা।
এ সময় বক্তারা বলেন, পুঁজিবাদী দুঃশাসন-শোষণ আজ নারীদের জীবন দুর্বীসহ করে তুলেছে। গার্মেন্টস, হোটেলসহ নানা প্রতিষ্ঠানে নারীরা নামমাত্র মজুরিতে অমানবিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছে। গৃহস্থালি কাজের কোন অর্থমূল্য রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে স্বীকার করা হয়না। ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে নারীরা নিরাপত্তাহীন। প্রতিনিয়ত যৌন হয়রানী হচ্ছে। মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠী নারীকে ভোগের সামগ্রী হিসেবে পুরুষের সেবাদাসী হিসেবে ঘরের ভেতরে আবদ্ধ করে রাখার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে।
নেতৃবৃন্দ নারীদের এই দুর্বীসহ জীবনের অবসানের জন্য অবিলম্বে সম্পত্তিসহ সকল ক্ষেত্রে সম-অধিকার, সমকাজে সমমজুরী নির্ধারণ করার দাবি জানান। সেইসাথে বেগম রোকেয়ার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে শোষন-দুঃশাসন এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানান বক্তারা।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হালিমা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারুল বেগম, গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি প্রমুখ।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]