শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১১ মার্চ ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের দুই পা কর্তনের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানা এলাকার সৈকতপাড়া রোডে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোশারফ হোসেন ওরফে স্বপন মোগল (৪৫) এবং কিরন মোগল (৪২)। তারা উভয়েই নরসিংদীর শিবপুর উপজেলার মোল্লাকান্দা এলাকার বাসিন্দা এবং মৃত মিয়া চাঁন মোগলের ছেলে।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও র্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলার মোল্লাকান্দা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জুলেখা বেগম নামে এক নারী শিবপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার বোন রোকেয়া বেগম কাঠবাগানে কাজ করতে গেলে আসামিরা সেখানে গিয়ে তাকে বাধা দেয় এবং মারধর করে। এ সময় তার বাবা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার (৭৫) ঘটনাস্থলে গিয়ে বিরোধ থামানোর চেষ্টা করলে আসামিরা তাকে মারধর করে ফেলে দেয়।
এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের গোড়ালির উপরে আঘাত করে গুরুতর জখম করা হয়। এতে তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় কক্সবাজার থেকে মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।