শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী বাজার ও তৎসংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে ঔষধ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে বাজারের বিভিন্ন হোটেল ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির মাধ্যমে যানজট সৃষ্টি করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় এসব অপরাধে ৮টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।