শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদীতে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পার্টির সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
ব্রিফিংয়ে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের করণীয়-বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার বলেন, নরসিংদীবাসী যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দায়িত্ব পালনে সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও জানান তিনি।
ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।