শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর পলাশ থানা এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আবু কালাম (৫০)। তিনি মাধবদী থানার চাকশাল এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১ ফেব্রুয়ারি বিকেলে পলাশ থানাধীন এলাকায় এক নাবালিকা কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার পলাশ থানায় মামলা দায়ের করলে আসামি আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই র্যাব-১১ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।