মো,নাসির উদ্দিন, গাজীপুর | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন হলরুমে । গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে নাগরিক সেবা সংক্রান্তের বিষয়ে এই সভার আয়োজন করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ আমিনুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় উপস্থিত সাংবাদিকরা গাজীপুর সিটি কর্পোরেশন থেকে তথ্য প্রদান নিয়ে তালবাহানা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্ম
কর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, “ময়লা ফেলার জন্য কড্ডা এলাকায় অতি শিগগিরই সিটি কর্পোরেশন ১০০ বিঘা জমি অধিগ্রহণ করবে। আগামী বছর থেকে নাগরিকদের ডেঙ্গু টিকা প্রদান শুরু হবে। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ গাজীপুর শহরে আসে, এটি একটি শ্রমিকঘন এলাকা হওয়ায় সমস্যাও কিছুটা বেশি। তবে, গাজীপুর সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় অনেক বেশি সংবেদনশীল।”
তিনি আরও বলেন, “কোনো জনপ্রতিনিধি- কাউন্সিলর বা মেয়র,দীর্ঘদিন দায়িত্বে না থাকায় অনেক উন্নয়নকাজ এখনো বাকি রয়ে গেছে। তবে নাগরিক সেবা উন্নয়ন এবং শহরের সার্বিক আধুনিকায়ন নিয়ে সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।”
Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।