শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
নরসিংদীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পরিমাপে কারচুপি ও ভেরিফিকেশনবিহীন লিটার মেজার্স ব্যবহার করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮৮০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন নরসিংদীর উদ্যোগে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর সমন্বয়ে পাঁচদোনা এলাকায় রাত সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পাঁচদোনা মাধবদী এলাকার মেসার্স আয়াজ এন্টারপ্রাইজ অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ করে ভেরিফিকেশনবিহীন মাপযন্ত্র ব্যবহার এবং কম পরিমাপে জ্বালানি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদকৃত তেল সরকারি মূল্যে তাৎক্ষণিক বিক্রির নির্দেশ দেওয়া হয়।
এছাড়া মেসার্স হুমায়ুন এন্টারপ্রাইজ একই ধরনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মজুদকৃত ৬০০ লিটার ডিজেল ও ২৮০ লিটার অকটেন জব্দ করে সরকারি মূল্যে বিক্রি করা হয়। এতে প্রাপ্ত মোট ৯৩ হাজার ৬০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান দুটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সখাওয়াত হোসেন মনি।
ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।