শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় নিম্নমানের ও নকল পানীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৪) উপজেলা প্রশাসন রায়পুরা ও বিএসটিআই আঞ্চলিক অফিস নরসিংদীর যৌথ উদ্যোগে হাটুভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মেসার্স প্রভাতী ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া নকল ব্র্যান্ড ব্যবহার করে ‘ডিভাইন পাওয়ার’, ‘ডিভাইন ড্রিংলো’, ‘ডিভাইন ফ্রুটি’সহ বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল ফ্লেভার ড্রিংকস তৈরির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল এর নেতৃত্বে এবং নরসিংদী আঞ্চলিক অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ এর উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক শাকিল ভুইয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সব পণ্য পরবর্তীতে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) মো. আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) অনিন্দ্য দে এবং কাজী সাখাওয়াত হোসেন মনি উপস্থিত ছিলেন।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হবে।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।