নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬ প্রিন্ট
স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা (মানিক)-এর বিরুদ্ধে সরকারি চাকরির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রভাব খাটিয়ে টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি সরকারি দায়িত্বে কর্মরত থাকা অবস্থায় পরোক্ষভাবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি ‘আব্দুল্লাহ এন্ড আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স তার আত্মীয়ের নামে হলেও বাস্তবে তিনিই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ও পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
সংশ্লিষ্টদের অভিযোগ, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখায় দায়িত্ব পালনকালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন টেন্ডার কার্যক্রমে প্রভাব বিস্তার করেন এবং পরবর্তীতে উন্নয়ন-২ শাখায় কর্মরত থাকাকালে এলজিইডির বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে একাধিক অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়লেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেছেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৭ ধারা অনুযায়ী সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রমে জড়িত থাকতে পারেন না। অথচ রহিম মোল্লা দীর্ঘদিন ধরে ওই বিধান লঙ্ঘন করে ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব ব্যবহার করে নিয়োগ ও বদলি বাণিজ্য, আত্মীয়-স্বজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, প্রভাবশালী অবস্থান ও স্থানীয় আধিপত্যের কারণে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ আব্দুর রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
Posted ০৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]