শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মাধবদী থানাধীন মহিষাসুরা ইউনিয়নের মেন্ডাতলা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনের ফ্যাক্টরি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় বুধবার দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ফ্যাক্টরিটির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ওই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা ও স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ সংযোগ উচ্ছেদ এবং ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করা হয়। এ সময় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অভিযান চলাকালে অবৈধ গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধের দায়ে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় ৫টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মাধবদী পৌরসভা এবং নরসিংদী জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগ ও জ্বালানি অপব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ০৫:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]