শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ প্রিন্ট
নরসিংদীর রায়পুরায় এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকায় একটি কাঠবাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
নিহতের নাম জাহিদুল ইসলাম জুয়েল (৩৫)। তিনি উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। জুয়েল একসময় বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে বর্তমানে চাকরিচ্যুত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দেরকান্দির দাইরেরপাড় ব্রিজ সংলগ্ন কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, রাতের কোন একসময় দুর্বৃত্তরা জুয়েলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার, রায়পুরা থানার ওসি এবং নরসিংদী পিবিআইয়ের সদস্যরা। তবে নিহত জুয়েলের বাবা নুরুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করছে দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
Posted ০৫:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]