মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ২৪ জুন ২০২৬ প্রিন্ট
রাজশাহী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেন এবং তারই ধারাবাহিকতায় তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, গোদাগাড়ী পৌরসভা এবং কাকনহাট পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া মান্যবর জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস ও আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের অংশগ্রহণে ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান (সচিব) জনাব এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী।
রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় স্থানীয়রা নদী ভাঙন প্রতিরোধ, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি, মাদক থেকে মুক্তি এবং ভূমি সংক্রান্ত সেবা আরও সহজীকরণের দাবি জানান।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। মত বিনিময় শেষে, মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব রেহান আসিফ আসাদ এর স্বেচ্ছাধীন তহবিল হতে তিনটি প্রতিষ্ঠান ও দুইজন ব্যক্তির অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন এবং অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় চলমান চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। তিনি বলেন “সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে, সেটিই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, “ভূমি সেবায় কোনো প্রকার ঘুষ ও দুর্নীতি টলারেট করা হবে না। জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে মান্যবর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সাথে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]