শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় নরসিংদী সদরে অবস্থিত পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, দাবা খেলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
প্রতিযোগিতায় জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ক্লাব থেকে মোট ২৪ জন বালক ও বালিকা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল আহম্মেদ। দ্বিতীয় স্থান অর্জন করে ইলমা একাডেমির আবইয়াৎ আকন্দ এবং তৃতীয় স্থান লাভ করে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের মোঃ ইব্রাহিম জাফির।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।