শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের কার্যালয়স্থ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তুলতে হবে। খেলাধুলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
বালক ও বালিকাদের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২টি ক্লাব থেকে মোট ২৪ জন প্রতিযোগী (১২ জন বালক ও ১২ জন বালিকা) অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা, ইলমা একাডেমী, কারারচর হাই স্কুল, পিনাকল চার্টার্ড স্কুল এবং পিনাকল স্পোর্টস একাডেমী।
বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পিনাকল চার্টার্ড স্কুল এবং রানার্সআপ হয় পিনাকল স্পোর্টস একাডেমী। বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইলমা একাডেমী এবং রানার্সআপ হয় নোয়াদিয়া খৈশাখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
Posted ৫:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।