নবকণ্ঠ ডেস্ক | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট
রাজধানীতে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়নে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার। সংগঠনের সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে এ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আবুল বাশার, শফিকুল ইসলাম শফিক এবং অধ্যাপক ড. জামশেদ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রায় সাড়ে চার দশক ধরে এক অনন্য রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার দৃঢ় নেতৃত্ব, আপসহীন মনোভাব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
তারা আরও বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই নন, বরং তিনি গোটা জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, মানুষকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছেন এবং গণতন্ত্রের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছেন। দেশের বহু রাজনীতিবিদের জন্য তিনি ছিলেন দিকনির্দেশক ও পথপ্রদর্শক।
বক্তারা উল্লেখ করেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাই দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।