শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট
একসময় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না।
কথাগুলো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি শুক্রবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন, ইতিহাসে তা বিরল। ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছেন। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে। আগামী ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।
এ সময় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মন্জুর এলাহী, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৫:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]