রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে: মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬   প্রিন্ট  

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে: মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। খুব শীঘ্রই পাইলটিং স্কিমের মাধ্যমে একটি যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে, যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক সেবা নিশ্চিত করবেন।
শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের কর্মীরা প্রতিটি ঘরে গিয়ে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করবেন। যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, কেবল তখনই তাদের হাসপাতালে পাঠানো হবে। এর ফলে মানুষের ভোগান্তি কমবে এবং চিকিৎসা সেবা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।’ তিনি আরও জানান, স্বাস্থ্যখাতের আধুনিকায়নে চীন সরকারের সহযোগিতায় ৩ হাজার বেড বিশিষ্ট দুইটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ চলছে। যেখানে শিশু ও নারীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘পূর্বের সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তবে বর্তমান সরকার একটি ব্যতিক্রমধর্মী ধারায় দেশ পরিচালনা করছে। আমাদের প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রয়েছে সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। সরকারি সুবিধা পাওয়ার জন্য এখন আর কাউকে কোনো ঘুষ দিতে হয় না।’
স্বাস্থ্যখাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, কারণ তারা আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করছিল।’
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box

Posted ০৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]