শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১৩ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মাধবদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি এবং ঢাকা-সিলেট মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি ও সড়ক দখলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের নির্দেশনায় শনিবার দিনব্যাপী এসব কার্যক্রম সম্পন্ন হয়।
দুপুর ১২টায় মাধবদী পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে আয়োজিত সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় নরসিংদী জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং মাধবদী পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের নুরালাপুর ইউনিয়নের রাইনাদি এলাকায় ময়লা অপসারণ কার্যক্রম শুরু করা হয়। মাধবদী পৌরসভার সহায়তায় মহাসড়কের ওপর জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে একই মহাসড়কের মাধবদী অংশে মাধবদী থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। মহাসড়কে ময়লা-আবর্জনার স্তূপ রেখে জনদুর্ভোগ সৃষ্টি ও সড়ক দখল করার অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ এর আওতায় দুটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাধবদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার।
Posted ০৭:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]