শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ২২ মে ২০২৬ প্রিন্ট
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জনদুর্ভোগ লাঘব এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গজারিয়া থানাধীন রসূলপুর ইউনিয়নের ফুলদী নদীর ওপর প্রস্তাবিত নতুন সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। আজ শুক্রবার দুপুরে তিনি ফুলদী-রসূলপুর ঘাট এলাকা পরিদর্শন করেন এবং সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ও এর মাধ্যমে অত্র অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব, প্রধান নির্বাহী প্রকৌশলী, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
সেতু পরিদর্শনের পর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বদ্ধপরিকর। গজারিয়া উপজেলার বিদ্যমান সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে এই সেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান, ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ করা হলে গজারিয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।
Posted ১১:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]