শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ০৮ মে ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার (০৭ মে) বেলাবো, রায়পুরা ও মাধবদী থানা এলাকার এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে নরসিংদীর বেলাব-শিবপুর সড়কের পাশের ধানের জমি থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরেদেহ উদ্ধার করে বেলাবো থানা পুলিশ। নিহত আপন বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তার পরিবারের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার (০৬ মে) রাতে এশা নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি আপন। সকালে খবর পান ধান ক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে।
এদিকে সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি বাসা থেকে সাইফুল ইসলাম ভূইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা।
তবে স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন।
অপরদিকে সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি।
Posted ০৪:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]