বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে জেলা প্রশাসনের বর্ণিল কর্মসূচি

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট  

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নরসিংদীতে জেলা প্রশাসনের বর্ণিল কর্মসূচি

মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি গ্রহণ করেছে। তিন দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া আয়োজন ও বিজয়মেলা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির সূচনা হয়েছে ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালির মাধ্যমে। সকাল ১০টা ৩০ মিনিটে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সম্মুখ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

১৪ ডিসেম্বর (রবিবার) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবসে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টা ৩৩ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হবে।

দুপুর ২টা থেকে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

বাদ জোহর সকল মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন থাকবে।

এছাড়া জেলার সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও শিশু বিকাশ কেন্দ্রে উন্নতমানের খাবার সরবরাহ করা হবে।

১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পৌর পার্ক (শিক্ষা চত্বর সংলগ্ন) এলাকায় আড়ম্বরপূর্ণ বিজয়মেলা অনুষ্ঠিত হবে, যেখানে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য প্রদর্শন করা হবে।

ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন খেলা এবং নরসিংদী জেলা স্টেডিয়ামে দুটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হলো—জেলা প্রশাসন একাদশ বনাম নরসিংদী পৌরসভা একাদশ এবং বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম সুশীল সমাজ একাদশ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এক বার্তায় বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এ অর্জন জাতিকে দিয়েছে নিজস্ব মানচিত্র ও পতাকা। মহান বিজয় দিবসের সকল কর্মসূচিতে নরসিংদীবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।

Facebook Comments Box

Posted ০৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]