শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ প্রিন্ট
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নিষ্ঠুরভাবে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) বিকেলে নরসিংদী সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জেলা পুলিশের নজরে আসে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ জুন বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী তার ২-৩ জন সহযোগীর সহায়তায় একটি কুকুরের গলায় ইট বেঁধে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে মেঘনা নদীতে ফেলে দেয়। পাশেই থাকা এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলে ধারণ করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বুধবার বিকেল ৫টার দিকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করে।
নরসিংদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের দায়ে গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ০৭:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]