গুলনাহার | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
দীর্ঘদিন রাজউক চেয়ারম্যান বরাবর প্রমোশন ও বিভিন্ন সমস্যা নিয়ে জানানোর পরও কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এজন্য এখন সকল জোনেই ইমারত পরিদর্শকদের মধ্যে ক্ষোভ বিরাজমান। গত প্রায় ০৩(তিন) দিন ধরে তারা কর্তৃপক্ষের দপ্তরে ঘুরাঘুরি করছে। কিন্তু কর্তৃপক্ষ কোন গুরুত্বই দিচ্ছে না। একই পদে কর্মরত কর্মচারী কোন প্রকার উচ্চতর স্কেল (টাইম স্কেল)/সিলেকশন গ্রেড (যে নামেই অভিহিত হোক ) না পেয়ে থাকলে সন্তোষজনক চাকুরীর শর্তে তিনি ১০ বছর চাকরি পূর্তিতে ১১ তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ৬(ছয়) বছরে পদোন্নতি না পেলে ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। আইনগত বিধিমালা থাকা সত্ত্বেও ইমারত পরিদর্শকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কর্তৃপক্ষ সরকারি এই বিধিমালা কে নিজের ক্ষমতা বলে গচ্ছিত করে রেখেছেন। তথ্যানুসন্ধানে দেখা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই বৈষম্যের কারণে সকল জোনের ইমারত পরিদর্শকেরা দীর্ঘদিন যাবত চাকরি করেও তাদের আশানুরূপ কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না।
রাজউকের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান অসামঞ্জস্যতা দূরীকরণ এবং কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইমারত পরিদর্শক, প্রদান ইমারত পরিদর্শক এবং সহকারী অথরাইজড অফিসার পদের নিয়োগ ও পদোন্নতি আবশ্যক। ইমারত পরিদর্শক (১০ম গ্রেড): এই পদে নিয়োগের ক্ষেত্রে ১০০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১০০% ডিপ্লোমা প্রকৌশলী (পূরকৌশল /স্থাপত্য) নির্ধারণ করা। প্রধান ইমারত পরিদর্শক (প্রস্তাবিত ৯ম গ্রেড): এই পদটি ১০০% ইমারত পরিদর্শকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা। উল্লেখ্য, বর্তমানে এ পদটি ১০ম গ্রেডের হওয়ায় পদোন্নতি হলেও কোন আর্থিক সুবিধা বা মর্যাদার পরিবর্তন হয় না, তাই এটিকে নবম গ্রেডে উন্নীত করা আবশ্যক।
সহকারী অথরাইজড অফিসার (৯ম গ্রেড/প্রস্তাবিত): এই পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ৩০% পদোন্নতি এবং ৭০% সরাসরি নিয়োগের পদ্ধতি সংশোধন করে ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগের বিধান রাখা। বর্তমান ফিডার পদ( ইমারত পরিদর্শক ও প্রধান ইমারত পরিদর্শক) এবং পদোন্নতি যোগ্য পদের সহকারী অথরাইজড অফিসার অনুপাত প্রায় ১.৬। অর্থাৎ প্রতি একটি সহকারী অথরাইজড অফিসার পদের বিপরীতে প্রায় ছয়জন যোগ্য প্রার্থী অপেক্ষমান থাকেন। এই ১.৬ রেশিওর কারণে সৃষ্ট তীব্র পদোন্নতি জট নিরসনের লক্ষ্যে সহকারী অথরাইজড অফিসার পদে অন্তত ৫০ শতাংশ পদোন্নতির বিধান রাখা অত্যন্ত যৌক্তিক ও অপরিহার্য।
Posted ১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।