মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে এক প্রসূতির দুই নবজাতকের একটি নবজাতক গায়েব করে দেওয়ার অভিযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রসূতির স্বামী জেলার নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামের ফরহাদ আহমেদ বাদি হয়ে হাসপাতালের মালিক, চিকিৎসক, নার্সসহ ৬ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডাক্তার ডিউক চৌধুরী, গাইনী ও সার্জন ডাক্তার নওরিন পারভেজ, ডাক্তার ইসরাত আহমেদ, হাসপাতালের কোঃ অর্ডিনেটর মার্শাল চৌধুরী, নার্স স্নেহলতা ও অপারেশন টিম সদস্য অথৈ মন্ডল।
মামলার বাদি ও এজাহার সূত্রে জানা যায়, নবীনগরের আলেয়াবাদের ফরহাদ আহমেদের স্ত্রী মোছা.লিজা প্রথমবারের মতো গর্ভবতী হলে উপজেলার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মেহেরুন্নেছার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সে সময় আট্রাসনোগ্রাফিতে তার স্ত্রীর গর্ভে ২টি সন্তান দেখা যায় বলে জানান চিকিৎসকরা। সর্বশেষ ১৮ এপ্রিল করা
আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে গর্ভে দুটি সন্তান আসে। গত শুক্রবার লিজার প্রসব ব্যাথা উঠে। যমজ শিশু গর্ভে থাকায় স্থানীয় চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে হাসপাতালে এনে সিজারিয়ান করতে পরামর্শ দেন।
সেদিন বেলা সাড়ে ১২টার দিকে তাকে শহরের খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার নওরিন পারভেজ আল্ট্রাসনোগ্রাফি করেন। উনার রিপোর্টেও দুটি সন্তান দেখা যায়। পরে একই দিন তিনি নিজেই লিজাকে অপারেশন থিয়েটারে সিজারিয়ান করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের লোকজন এসে জানান, লিজা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। আর কোন
সন্তানের কথা তারা জানাতে পারেনি। তারা জানায়, লিজার গর্ভে একটি সন্তান ছিল। বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে গর্ভে থাকা শিশু নিখোঁজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
প্রসঙ্গত, এর আগেও হাসপাতালটির বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এরমধ্যে প্রসূতি মায়ের মৃত্যুসহ ভুল চিকিৎসার একাধিক অভিযোগ রয়েছে।
২০১৯ সালের অক্টোবরের ৩০ তারিখ জেলা রেডক্রিসেন্ট এর সাবেক সাধারণ সম্পাদক এবিএম তৈমুরের পুত্রবধূ স্কুল শিক্ষিকা নওশীন আহমেদ দিয়ার সিজারিয়ান সম্পন্ন করা হয়। এর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ৪ নভেম্বরে তিনি মারা যান। এরপর চিকিৎসায় গাফিলতি, ভুল চিকিৎসা ও ওষুধ প্রয়োাগের অভিযোগ এনে নিহতের স্বামী বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় আদালত হাসপাতালটির পরিচালক ডাক্তার ডিউক চৌধুরী, চিকিৎসক অরুণেশ্বর পাল অভি ও মোঃ শাহাদাত হোসেন রাসেলকে কারাগারে পাঠায়। তবে বর্তমানে তারা সকলেই জামিনে রয়েছেন।
এছাড়াও ২০১৯ সালের মার্চে পাপিয়া নামের এক অন্তঃসত্তা নারীর কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডিঅ্যান্ডসি করার অভিযোগ উঠেছিল হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলাও হয় যাতে উল্লেখ করা হয়, ডিঅ্যান্ডসি করার সময় পাপিয়ার রক্তনালী কেটে ফেলা হয়। বাসায় নেওয়ার পর পরই প্রচন্ড-ব্যথা ও রক্তপাত শুরু হলে পুণরায় ওই হাসপাতালে নিয়ে এলে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে ঢাকা মেডিক্যালে ভর্তির পর পাপিয়ার জটিল অপারেশন করা হয়। ১২ ব্যাগ রক্ত দিয়ে জীবন বাঁচলেও স্বাভাবিক চলাফেরা করার সক্ষমতা হারিয়েছে তিনি
এদিকে ওই বছরের ১ জুন ভুল চিকিৎসায় পারভীন বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে হাসপাতালটির বিরুদ্ধে।
Posted ০৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]