ফাহিম ফারহান | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ফ্রাঙ্কফুর্ট, ৭ ফেব্রুয়ারি ২০২৬, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ভোক্তা পণ্য ও লাইফস্টাইল বাণিজ্য মেলা অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬ জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়ে হয়েছে। এবছর এ মেলায় বাংলাদেশ থেকে মোট চৌত্রিশ (৩৪)টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর প্রত্যক্ষ ব্যবস্থাপনায় পাঁচটি প্রতিষ্ঠান;- তরঙ্গো (TARANGO), জুট ক্রাফটস বিডি (Jute Crafts BD), মাফ ক্রাফট অ্যান্ড ফ্যাশন (MAAF Craft and Fashion), সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Sonali Aansh Industries Limited) এবং ইকো ক্রেভ লিমিটেড (ECO Crave Limited) মেলায় অংশগ্রহণ করে।
বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ হস্তশিল্প, জুট ও পরিবেশবান্ধব পণ্য, হোম ডেকর, লাইফস্টাইল ও টেকসই ভোক্তা পণ্যের মাধ্যমে দেশের সৃজনশীল শিল্পের বৈচিত্র্য, নান্দনিকতা, উদ্ভাবনী সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান উপস্থাপনের সুযোগ পেয়েছে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো প্রদর্শক ও ক্রেতার অংশগ্রহণে অনুষ্ঠিত অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬ ভোক্তা পণ্য খাতে নতুন বাজার সম্ভাবনা সৃষ্টি, টেকসই ও উদ্ভাবনী পণ্যের প্রদর্শন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন এবং দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর চৌঃ মোঃ গোলাম রাব্বী মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইউরোপীয় বাজারে পরিবেশবান্ধব, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করেন। তিনি ইউরোপে বাংলাদেশের বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি নতুন পণ্য ও নকশার মাধ্যমে বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বজায় রেখে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণের ফলে উল্লেখযোগ্য ব্যবসায়িক আগ্রহ ও সম্ভাবনার কথা জানান। অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক আলোচনা ও মিটিংয়ে ব্যস্ত ছিলেন। কিছু প্রতিষ্ঠান তাদের সীমিত উৎপাদন সক্ষমতার কারণে ক্রেতাদের সম্পূর্ণ চাহিদা পূরণে চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশি পণ্যের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের এই আগ্রহ নিঃসন্দেহে অত্যন্ত আশাব্যঞ্জক।
বাংলাদেশ দূতাবাস, বার্লিন
Posted ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।