শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১৮ মে ২০২৬ প্রিন্ট
ছাত্র রাজনীতির রাজপথ কাঁপানো সাহসী ও ত্যাগী নেত্রী সেলিনা সুলতানা নিশিতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনীত হয়ে বর্তমানে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
নরসিংদী-গাজীপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করার পর, তিনি ইতিমধ্যে শপথ গ্রহণ করে সংসদীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজের এই কৃতি সন্তান ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেত্রীকে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে বিগত দিনে একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ ও অমানুষিক রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। চরম নির্যাতন, হামলা ও রাজনৈতিক মামলার পরও দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থাকা এই নেত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে সেলিনা সুলতানা নিশিতা তার রাজনৈতিক পথচলা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জানান, তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা অভিজ্ঞতা। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই রাজপথে লড়াই করতে গিয়ে অসংখ্য প্রতিকূলতা, দমন-পীড়ন এবং চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রতিটি বাধা তাকে আরও দৃঢ় করেছে এবং শিখিয়েছে ধৈর্য, ত্যাগ ও মানুষের পাশে অটল থাকার শিক্ষা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর আস্থা ব্যক্ত করে তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে তারা যে রাজনৈতিক দর্শন পেয়েছেন, তা শুধু একটি দলীয় দিকনির্দেশনা নয়, বরং একটি সংগ্রামী চেতনা। তার কৌশলগত চিন্তা, সাহসী সিদ্ধান্ত এবং আন্দোলনের সূক্ষ্ম পরিকল্পনা রাজপথকে নতুন গতি ও শৃঙ্খলা দিয়েছে, যা তাকে সংসদে গিয়ে জনগণের পক্ষে আরও কার্যকর, বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম করছে।
নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে এমপি নিশিতা বিশেষ জোর দিয়ে বলেন, নারীদের কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তগ্রহণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এখন সময়ের দাবি এবং তিনি বিশেষভাবে তরুণ নারী নেতৃত্বকে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করেন যে, দলের শীর্ষ নেতৃত্ব সবসময়ই ত্যাগী, পরীক্ষিত এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার যে অঙ্গীকার করেছিলেন, তা আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে এবং তার এই মনোনয়ন ব্যক্তিগত অর্জনের চেয়েও বড়, এটি আসলে রাজপথের হাজারো নিঃস্বার্থ কর্মীর সম্মান ও মেধার স্বীকৃতি। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে একটি অটুট বার্তা দিয়ে তিনি বলেন, রাজনীতিতে পদ বা অবস্থান কোনো উত্তরাধিকার বা পরিচয়ের ভিত্তিতে নয়, বরং ত্যাগ, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হয়; তাই সততার সাথে সংগ্রাম করলে এবং দলের প্রতি আস্থা রাখলে একদিন সেই ত্যাগই কর্মীকে নেতৃত্বের সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়।
Posted ০৬:২১ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]