শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১০ মে ২০২৬ প্রিন্ট
বিশ্ব মা দিবস উপলক্ষে নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল দিয়ে তাদের মায়েদের সম্মান ও ভালোবাসা প্রকাশ করে।
রোববার (১০ মে) বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মায়েদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মো. আবু কাউছার সুমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি নানা আয়োজনে পালিত হয়ে আসছে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের মায়েরা প্রতিনিয়ত যে সংগ্রাম, ত্যাগ ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে তুলছেন, তা সত্যিই অনন্য ও অনুকরণীয়।
তিনি আরও বলেন, একজন মা তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ হাতে ফুল তুলে দিয়ে মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় উপস্থিত অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও বিশ্ব মা দিবস আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে মায়ের অবদান, মমতা ও আত্মত্যাগের কথা।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]