আল মাসুদ লিটন, জামালপুর
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট
জামালপুরে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬”। ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। বুধবার (০৬ মে ২০২৬ খ্রি.) জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর সদর এর উদ্যোগে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পার্টনার প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি সংবেদনশীল কৃষি উৎপাদন এবং উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। তিনি বলেন, মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা প্রদানই এ প্রকল্পের মূল লক্ষ্য। কৃষকরা যাতে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারেন, সে বিষয়ে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএই, জামালপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। তিনি বলেন, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জামালপুর সদর উপজেলার কৃষি অফিসার মোঃ এমদাদুল হক। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মাঠপর্যায়ের সফলতা এবং কৃষকদের অংশগ্রহণমূলক শিক্ষার বিষয়টি তুলে ধরেন। কংগ্রেসে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। কৃষকদের মধ্যে পুষ্টি সচেতনতা ও উদ্যোক্তা মনোভাব তৈরি হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কংগ্রেসে পার্টনার প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, যেমন—ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির সফলতা তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রকল্পের ইতিবাচক প্রভাব সম্পর্কে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের কংগ্রেসের মাধ্যমে কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কংগ্রেসটি কৃষি উন্নয়ন ও গ্রামীণ জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা
Posted ০৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]