সুলতান উদ্দিন, গাজীপুর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি শনিবার পরিদর্শন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। একইদিনে কালিয়াকৈর উপজেলায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
দুপুরে কালিয়াকৈর ডাক বাংলোতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলার সার্বিক উন্নয়নকে টেকসই ও জনগণমুখী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং সময়মতো কাজ সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই প্রকল্পগুলোতে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা আমাদের গর্ব। দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের প্রতি সম্মান জানাতেই জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও তাদের কল্যাণে জেলা পরিষদ কাজ করে যাবে।”
আলোচনা সভা শেষে প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর হাত থেকে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]