খুলনা ব্যুরোঃ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ প্রিন্ট
খুলনা সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনলাইন ট্যাক্স আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক
তিনি বলেন, অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য কেসিসিতে নতুন যাত্রা শুরু হলো। বর্তমান যুগ ও সময়ের সাথে তালমিলিয়ে আমাদের চলতে হবে। অনলাইনে ট্যাক্স দেওয়ার মাধ্যমে মানুষের যেমন সময় বাঁচবে তেমনি সেবার মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করা যাবে।
তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মেয়র আরও বলেন, শুধু হোল্ডিং ট্যাক্স নয়, ভবিষ্যতে সিটি কর্পোরেশনের সকল ট্যাক্স অনলাইন করা হবে। যেহেতু এই অনলাইন পদ্ধতি নতুন তাই জনগণ যেন সহজেই ট্যাক্স দিতে পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য আহবান জানান তিনি। অনলাইনে বিল দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলী আকবর টিপু এবং এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু। সভায় কেসিসি’র সচিব মোঃ আজমুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম।
অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এসএনভি’র সিটি কো-অর্ডিনেটর মোঃ ইরফান আহমেদ খান। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]