নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ নভেম্বর ২০২৫ প্রিন্ট
দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা। এরমধ্যে বাগেরহাট জেলার ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালী জেলায়, কুষ্টিয়া জেলার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
![]()
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবনিয়োগপ্রাপ্ত ও বদলি হওয়া জেলা প্রশাসকদের (ডিসি) সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। তারা দায়িত্ব নেয়ার পর থেকে সংশ্লিষ্ট জেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাঠ প্রশাসনের সার্বিক তদারকি করবেন।
নবনিয়োগপ্রাপ্ত ডিসিদের মধ্যে অধিকাংশই বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তারা এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে উপসচিব/অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত যোগদান করে মাঠ প্রশাসনের চলমান কার্যক্রমের সাথে নিজেকে খাপ খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাঠ প্রশাসন হচ্ছে সরকারের ‘ফ্রন্টলাইন’। সাধারণমানুষ সবচেয়ে বেশি সেবা পায় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে। তাই এই জায়গায় দক্ষ, সৎ ও অভিজ্ঞ কর্মকর্তাদেরনিয়োগ দেয়ার চেষ্টা করা হয়।”
এদিকে নতুন ডিসিদের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে সংশ্লিষ্ট জেলাগুলোতে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ ও সুধীসমাজ নতুন জেলা প্রশাসকদের কাছে উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, সেবাদানে স্বচ্ছতা এবং জনভোগান্তি কমানোর উদ্যোগ দেখার প্রত্যাশা প্রকাশ করেছেন।
Posted ০৩:১২ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]