শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১৯ জুলাই ২০২৫ প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী, কুসংস্কারে নয়। আমরা জনগণের অধিকার ও সরাসরি ভোটের প্রতি বিশ্বাসী।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে ‘ইটাখোলা ট্র্যাজেডি’তে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ তার প্রত্যক্ষ ভোটে যাকে খুশি সরকার বানাক, তাতে বিএনপির কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই তিনি নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করুন।
তিনি আরও বলেন, পিআর হলো পেছনের রাস্তা, আর আমরা চাই সামনের রাস্তা। পিআর ব্যবস্থা সব দেশে গ্রহণযোগ্য নয়। এ পদ্ধতিতে কারে ভোট দেওয়া হচ্ছে তা বোঝা যায় না। এটি আমাদের দেশের সংস্কৃতি নয়। দেশের মানুষ যা বোঝে না, তা জোর করে চাপিয়ে দেওয়া ঠিক নয়।
বিএনপির এই নেতা আরও যোগ করেন, আমরা ক্ষমতার জন্য পাগল নই, জনগণের ভোটাধিকারের জন্য পাগল। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আবার জনগণ যদি অন্য কাউকে ভোট দিয়ে সংসদে পাঠায়, বিএনপি সেটিও সম্মান করবে। একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের আস্ফালন মুক্তিযোদ্ধারা মেনে নেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু প্রমুখ।
Posted ১১:২২ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]