আব্দুর রহমান মোল্লা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ প্রিন্ট
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশনায় তীব্র গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম হোসেন সাজ্জাদ নৌকা মাঝিদের মাঝে ছাতা বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার (৫ মে) জিনজিরা ইউনিয়নের প্রতিটি খেয়াঘাটে গিয়ে প্রচণ্ড রোদে কাজ করা প্রায় ৪০০ জন মাঝির হাতে ব্যক্তিগত উদ্যোগে এই ছাতা তুলে দেওয়া হয়।
সারাদেশে বয়ে চলা তীব্র তাপদাহে খোলা আকাশের নিচে জীবিকার তাগিদে লড়াই করা মাঝিদের কষ্ট লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়। মোকাররম হোসেন সাজ্জাদ নিজে প্রতিটি ঘাটে ঘুরে মাঝিদের হাতে ছাতা পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর স্পষ্ট নির্দেশনা রয়েছে—যেকোনো দুর্যোগ বা প্রতিকূলতায় সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সেই নির্দেশনার আলোকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
হঠাৎ এমন প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী পেয়ে মাঝিদের মাঝে খুশির আমেজ দেখা দেয়। তারা জানান, এই প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ছিল। ছাতাগুলো পাওয়ায় এখন তারা কিছুটা স্বস্তিতে কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, “তীব্র গরমে যারা নদীতে দিন কাটান, তাদের কষ্ট অনুধাবন করেই এই ব্যবস্থা। জিনজিরাবাসীর যেকোনো সংকটে আমি এবং আমার দল সবসময় পাশে থাকবে। সাধারণ মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য।”
এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নিপুন রায়ের নির্দেশনায় এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]