মাহিদুল ইসলাম ফরহাদ
রবিবার, ১৭ মে ২০২৬ প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ সীমান্ত এলাকায় রয়েছে তারকাঁটাবিহীন অংশে যা প্রায় সময় চোরাকারবারিদের অবৈধ যাতায়াত ও চোরাকারবারিদের চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এ অবস্থায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ৫৩ বিজিবি। ব্যাটালিয়নের অধীনস্থ প্রতিটি বিওপিতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নজরদারি ও অভিযান পরিচালনা করছে। চলমান অভিযানে ভারতীয় মাদক, বিদেশি অস্ত্র, দেশীয় অস্ত্র, ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক উদ্ধারসহ একাধিক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিজিবি। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গরু ও মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ভারত থেকে গবাদিপশু চোরাচালানের চেষ্টা বেড়ে যাওয়ার আশঙ্কায় সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত সময়ে মোট ১৯৫টি গরু ও ২২টি মহিষসহ সর্বমোট ২১৭টি গবাদিপশু জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫ লাখ ৯৫ হাজার টাকা। অন্যদিকে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৩৪৭টি গরু ও ৪১৪টি মহিষসহ সর্বমোট ৭৬১টি গবাদিপশু জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১১ কোটি ৭২ লাখ ৮৫ হাজার টাকা। জব্দকৃত গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় কোনো চোরাকারবারিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে না এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]