শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৬ জুলাই ২০২৬ প্রিন্ট
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের দুইজন ও বাড়ৈআলগী গ্রামের ১জন। বিল্লাল হোসেন (৪৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের পেছনে থাকা আরও দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরুও ঘটনাস্থলেই মারা যায়। বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পাকুন্দিয়া থানা সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ০৬:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]