কামরুল হাসান জীবন, নওগাঁ।
রবিবার, ২১ জুন ২০২৬ প্রিন্ট
নওগাঁ জেলায় বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় একদল প্রতারক বয়স্ক নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ (স্কোপোলামিন) ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত এই রাসায়নিক কোনোভাবে নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে স্মৃতিভ্রম ও মানসিক বিভ্রান্তির শিকার হন। এ সুযোগে প্রতারকরা ভুক্তভোগীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ এমনকি বাসায় থাকা মূল্যবান সামগ্রীও হাতিয়ে নিত। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই সম্মোহিত অবস্থায় তাদের কানের দুল, গয়না ও টাকা-পয়সা প্রতারকদের হাতে তুলে দেন।
এ ধরনের ঘটনায় নওগাঁ সদর থানায় মোট তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে নওগাঁ জেলা পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও বিভিন্ন ডাটাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে, চক্রটি ২০ জুন ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলায় একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিশেষ টিম টাঙ্গাইলে অভিযান চালায়। অভিযানে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আবু হাসান, মো. বাবু এবং মো. সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর নওগাঁ জেলার একাধিক ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, রূপগঞ্জকেন্দ্রিক তাদের সংঘবদ্ধ চক্রের আট থেকে দশটি সক্রিয় গ্রুপ রয়েছে। এসব গ্রুপ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একই কৌশলে প্রতারণা করে আসছে। ইতোমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০টিরও বেশি অপরাধ সংঘটিত করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অপরাধীরা সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সাহায্যের আবেদন জানিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে। এরপর আরেকজন এসে কথোপকথনে যুক্ত হয় এবং সুযোগ বুঝে তৃতীয় ব্যক্তি রাসায়নিক স্প্রে বা তথাকথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে। এতে ভুক্তভোগী সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে অপরাধীদের কথামতো স্বর্ণালংকার ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।”
তিনি আরও বলেন, “নওগাঁ জেলা পুলিশ এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।”
Posted ০৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]