নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ মার্চ ২০২৬ প্রিন্ট
রাজধানীর কোলঘেঁষে অবস্থিত দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি জ্বালানি পাম্পে অবৈধভাবে অকটেন মজুত ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, পাম্পটিতে ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনারে বিপুল পরিমাণ অকটেন অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সরকারি নিয়ম অমান্য করে এবং নিরাপত্তা ঝুঁকি তোয়াক্কা না করেই পাম্প কর্তৃপক্ষ খোলা বাজারে ও ড্রামে করে এই জ্বালানি বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগ, পাম্পটি দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে আসছে এবং পরে তা চড়া মূল্যে অবৈধভাবে বিক্রি করছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতরে লুকিয়ে রাখা প্লাস্টিকের নীল রঙের বড় কন্টেইনারে অকটেন ভর্তি করে রাখা হয়েছে। সরজমিনে উপস্থিত হয়ে প্রতিবেদক আব্দুর রহমান মোল্লা যখন বিষয়টি নিয়ে জানতে চান, তখন পাম্প সংশ্লিষ্টরা কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখায় যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বার্থে এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিস্ফোরক পরিদপ্তর ও প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে একটি পাম্প প্রকাশ্যে এমন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ মজুতদারির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]