শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ০১ মার্চ ২০২৬ প্রিন্ট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন, সেই ধরনের কাজ পুনরায় করা যাবে না। এখন আর সেই দেশ নাই। দেশ অনেক এগিয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এ বিষয়টা আমাদের সবাইকে ধারণ করতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারি কর্মকর্তা সেটা বিষয় নয়। আমরা একটা টিম যারা দেশ গঠনে এক সঙ্গে কাজ করব। এর বিকল্প আমাদের হাতে আর নেই। সে কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মুল করতে হবে। ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজি উৎখাত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা যদি এমপি, মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি, এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা ।
মন্ত্রী বলেন, নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা প্রদান করা হবে। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।
Posted ০৮:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]