ফরিদপুরে সন্ত্রাসী গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক
রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
রবিবার, ২৯ জুন ২০২৫ প্রিন্ট
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩) গ্রেপ্তার হয়েছে। শনিবার সকালে তার নিজ বাড়িতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় ফিরে এসে পুনরায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়েছে। তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহযোগিতায় সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালায় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
অভিযানকালে তার বাড়ি থেকে একটি পিস্তলের ম্যাগাজিন, ধারালো চাপাতি, কুড়াল, ছুরি, কাটার, সুরকি ও শানদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, কয়েকটি টয় পিস্তল, পেনড্রাইভ, সাতটি স্মার্টফোন, দুই কেজি গাঁজা ও ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও মাদকের মাধ্যমে সে এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি ছড়িয়ে আধিপত্য কায়েম করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে সেনা ও পুলিশ সূত্র।
গ্রেপ্তারের পর কুটি মিয়া এবং উদ্ধারকৃত সকল আলামত ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে।
সেনা সূত্র আরও জানায়, মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।