রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ প্রিন্ট
ফরিদপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের নারী উদ্যোক্তা কামরুল নাহার বিদেশি জাতের ‘পিকিং স্টার ১৩’ হাঁস পালনের মাধ্যমে গড়েছেন সাফল্যের নতুন দৃষ্টান্ত। পানির প্রয়োজন ছাড়াই খাঁচায় সহজে পালনযোগ্য এই হাঁস মাত্র ৪৫ দিনেই ৩ থেকে ৪ কেজি ওজনের হয়ে ওঠে। বাজারে প্রতি কেজি হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করে তিনি লাভবান হচ্ছেন। দিন দিন বাড়তে থাকা চাহিদা তার খামার ব্যবসাকে দিয়েছে দৃঢ়তা ও গতি।
শুরুটা সহজ ছিল না কামরুল নাহারের জন্য। তিনি একসময় মুরগি পালনে যুক্ত ছিলেন। কিন্তু বারবার রোগবালাই ও ক্ষতির মুখে পড়ে হতাশ হয়ে পড়েন। ঠিক তখনই বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’ তাকে পরামর্শ দেয় ‘পিকিং স্টার ১৩’ হাঁস পালনের।
এসডিসির প্রকল্প ব্যবস্থাপক ডা. বিপ্লব কুমার মোহন্ত জানান, মুরগি পালনে ক্ষতির পর আমরা কামরুল নাহারকে প্রশিক্ষণ দেই এবং ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে নতুন করে শুরু করতে সহায়তা করি। দুটি বাচ্চা মারা গেলেও বাকি ৪৮টি বিক্রি করে তিনি আয় করেন ৪৮ হাজার টাকা। পরবর্তীতে ২০০টি বাচ্চা নিয়ে তিনি বড় আকারে হাঁস পালন শুরু করেন। বর্তমানে তিনি ৫০০টি হাঁসের খামারের পরিকল্পনা করছেন।
নারী উদ্যোক্তা কামরুল নাহার বলেন, মুরগি পালনে যখন ক্ষতি হলো, মনে হয়েছিল সব শেষ। কিন্তু এসডিসির সহায়তায় হাঁস পালন শুরু করে দেখি এই জাতের হাঁস পালন অনেক সহজ এবং লাভজনক। এখন ফরিদপুর ছাড়িয়ে অন্য জেলাতেও আমার হাঁস সরবরাহ হচ্ছে। আগামীতে ১,০০০ হাঁস পালনের পরিকল্পনা রয়েছে আমার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা কামরুল নাহারকে ওষুধ, প্রযুক্তিগত পরামর্শ ও বাজারসংযোগে সহায়তা করছি। স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোর সঙ্গে তার খামারের সংযোগ করিয়ে দিয়েছি। তার মতো উদ্যোক্তারা নারীদের স্বনির্ভরতার পথকে সুদৃঢ় করছেন।
তার খামার ঘিরে আগ্রহ বাড়ছে এলাকাবাসীর মধ্যেও।
স্থানীয় এক বাসিন্দা বলেন, কেন দূরে গিয়ে হাঁস কিনব? আমাদের গ্রামের মধ্যেই কামরুল নাহারের খামারে তাজা ও স্বাস্থ্যকর হাঁস মিলছে সহজেই।
শুধু হাঁস পালনেই থেমে নেই কামরুল নাহার। তিনি বর্তমানে ভার্মি কম্পোস্ট সার তৈরির মাধ্যমে অতিরিক্ত আয় করছেন। তার এই উদ্যোগ কৃষিতে পরিবেশবান্ধব অবদান রাখছে।
Posted ০১:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]