আব্দুর রহমান মোল্লা
সোমবার, ০৮ জুন ২০২৬ প্রিন্ট
ঢাকার কোলঘেঁষে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীতে কুমির দেখা যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোনো নির্ভরযোগ্য বা সরকারি সূত্র থেকে এখন পর্যন্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করা না গেলেও, স্থানীয় বাসিন্দা ও নদীপাড়ের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা এলাকার নদী তীরবর্তী ও খালের আশেপাশের অববাহিকায় এই নিয়ে বেশ শোরগোল চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী— বুড়িগঙ্গা নদীর ওয়াশপুর, বসিলা কিংবা কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত আটি বাজার খালসহ এর আশেপাশের এলাকায় কুমিরটি দেখা গেছে বলে শোনা যাচ্ছে। যদিও কোনো প্রত্যক্ষদর্শী বা প্রশাসন এখনো এর সুনির্দিষ্ট প্রমাণ পায়নি, তবুও জননিরাপত্তার স্বার্থে বিষয়টি অবহেলা করার সুযোগ নেই বলে মনে করছেন স্থানীয়রা।
কেরানীগঞ্জের আটি বাজার ও ওয়াশপুর এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, বুড়িগঙ্গায় কুমির থাকার খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নদী বা খালে নামতে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। বিশেষ করে যারা নিয়মিত নদীতে গোসল করেন, মাছ ধরেন বা খেয়া পারাপার হন, তাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু বুড়িগঙ্গা ও এর সংযুক্ত খালগুলোতে মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে, তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি।
ওয়াশপুর, বসিলা এবং আটি বাজার খালসহ বুড়িগঙ্গার আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে একা বা অসতর্কভাবে নামা থেকে বিরত থাকুন। নদী বা খালের পাড়ে শিশুদের একা খেলতে দেবেন না। আতঙ্কিত না হয়ে যেকোনো অস্বাভাবিক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বা স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। নদী পাড়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই গুঞ্জনের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]