নরসিংদী জেলা প্রতিনিধিঃ
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ প্রিন্ট
যাত্রা বিরতি দেয়ার আগে ‘ব্রেক ফেল’ করে কমিউটার ট্রেন। এতে প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুই শ মিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। শুক্রবার দুপুরে নরসিংদী রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
নরসিংদী রেল স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন দুপুর ১২টা ১০ মিনিটে নরসিংদীতে পৌঁছায়। কিন্তু দ্রুত গতিতে থাকা ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে সামনে চলে যায়। এক পর্যায়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই শ মিটার দূরে গিয়ে ট্রেনটি থামে। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে আসে।
রফিকুল ইসলাম নামে ট্রেনটির এক যাত্রী বলেন, দুপুর ১২টার ট্রেনে রায়পুরা যাওয়ার জন্য দুই শিশু সন্তান ও স্ত্রী নিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। স্টেশনে মাইকিংয়ে বলা হচ্ছে প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। ট্রেন এল, কিন্তু থামল অনেক দূরে। পরে বৃষ্টিতে ভিজে ঠেলাঠেলি করে ট্রেনে উঠি।
ট্রেনটির চালক আব্দুর রব বলেন, এই স্টেশনের পাঁচ কিলোমিটার দূরে পলাশ উপজেলার জিনারদি থেকে ট্রেনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু ইঞ্জিনের ব্রেকে ক্রটি হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মে থামানোর জন্যও নিয়ন্ত্রণ করা যায়নি।
নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমন খান বলেন, স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথা। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দূরে চলে যায়। এসময় যাত্রীদের সাময়িক বিঘ্ন ঘটে। পরে ট্রেনটি পেছনে এসে যাত্রী তোলে। এরপর যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে দুপুর ১টায় ছেড়ে যায়।
Posted ০৮:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]