অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ প্রিন্ট
শব্দ নেই, কেবল একটি কান্না—
টানা সুতোয় ঝোলে আকাশের কিনারায়।
অদৃশ্য এক হাত ছিঁড়ে দেয় সে সুতো—
আঙুলে লেগে থাকে রাষ্ট্রের নখ,
আর সেই নখে গাঁথা থাকে শিশুর পাঁজরের কাঁটা।
ভোর এখানে আর জাগে না—
সূর্য ছিল, এক সময়, হয়তো কোনো গল্পে।
এখন কেবল ধূলির বিস্মরণ,
উত্তপ্ত, নিঃশব্দ ধুলোয় লুকিয়ে থাকে
অনাহারের দীর্ঘ পরিকল্পনা।
একটি রুটির উচ্চারণ নেই,
তবুও তার পিছু হাঁটে মানুষ,
হাঁটতে হাঁটতে পায়ের নিচে গড়ে ওঠে
একেকটি বিস্ফোরণের ছায়া।
একদিন থেমে যায় হাঁটা—
দেহ আর মাটির মাঝখানে থাকে না কোনো ব্যবধান।
আকাশ থেকে যা নামে—
তার নাম ‘ত্রাণ’ বলা হয়।
কিন্তু তা ঝরে পড়ে এক ছেঁড়া তাঁবুর ঘাড়ে,
যেখানে শিশুরা খেলে ‘যুদ্ধ-যুদ্ধ’।
তাদের খেলার ছায়া গলে মিশে যায়
খাঁকি পোশাকে ভেজা ঘামের সাথে।
এখানে রাজনীতি মানে পুতুল খেলা—
তবুও পুতুলের গায়ে লেগে থাকে রক্তের দাগ।
চোখ নেই তাদের, কেবল লেন্স—
যেখানে যুদ্ধ বন্দি হয়ে নামে
বুলেটিনের সংবেদনহীন শিরোনামে।
একটি শিশু, এক হাতে ধরা গাছের শুকনো ডাল—
পাতাগুলো ঝরে পড়ে ছাইয়ের মতো।
সে কিছু বলে না—
শুধু ঠোঁট নড়ে—
ভাষাহীন সে নড়াচড়ায় লুকিয়ে থাকে
পৃথিবীর নিঃশব্দ অক্ষমতা।
আর মাটি?
সে আর শুধু মৃত্তিকা নয়,
সে এক জ্যান্ত নীরব দলিল—
গণহত্যার প্রতিটি অনুচ্ছেদে লেখা থাকে
অপ্রকাশিত মৃত্যুর নাম।
যারা ঘুমাতে এসেছিল মাটির কোলে,
তারা এখন চাপা পড়ে বালু আর ধ্বংসস্তূপের মাঝে—
তবুও তারা বেঁচে থাকে,
কারণ মৃত্যুর পরও তারা চেয়ে থাকে পৃথিবীর দিকে—
যে এখনো শেখেনি
বেঁচে থাকার ন্যূনতম শর্ত।
লেখক: আকতার জামিল , যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]