শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ প্রিন্ট
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ডায়াগনস্টিক সেন্টারটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, অনুমোদিত ল্যাব টেকনিশিয়ান না রাখা, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না থাকাসহ একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির মালিককে দণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের অনিয়ম ও ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্টরা সরে যান বলে জানা গেছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Posted ০৭:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]