গুলনাহারঃ
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট
গত ১৫/০৬/২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবজোন-২/২ এর আওতাধীন নূর মদিনা মসজিদ রোড, কাওলা জামতলা, দক্ষিণখান ও তারাইনটেক এলাকায় অবৈধ ও অনুমোদন বহির্ভূত নির্মাণকাজ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ১১টি ভবনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান এবং অথরাইজড অফিসার- জোন:- ২/২, জনাব মোঃ হাসানুজ্জামান-এর নেতৃত্বে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টে ৯টি নির্মাণাধীন এবং ২টি নির্মিত ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে অনুমোদন বহির্ভূত অংশ ও রাস্তার জায়গা দখল করে নির্মিত প্রাচীর, ক্যান্টিলিভার, কলাম এবং অবৈধ দোকান আংশিক বা সম্পূর্ণ ভেঙে অপসারণ করা হয়। এছাড়া ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জব্দকৃত মিটারগুলো ডেসকোর নিকট হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে একটি নির্মাণাধীন ভবনে অনুমোদন বহির্ভূত নির্মাণকাজের দায়ে মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একটি ৮ তলা নির্মাণাধীন ভবনের বিষয়ে মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা এবং অবৈধ নির্মাণ প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবন মালিকদের আইন ও বিধিমালা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
Posted ০১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]